সভাপতির পদে নির্বাচনের সময় নাই আমার: ডিপজল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০৮:১৮ পিএম

সভাপতির পদে নির্বাচনের সময় নাই আমার: ডিপজল

নায়ক হিসেবে ডিপজলের আত্মপ্রকাশ বাংলাদেশের চলচ্চিত্রে। তারপর খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত, এখনও সমান জনপ্রিয়তা রয়েছে তার। চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। এবার মনতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। শনিবার (১ জানুয়ারি) থেকে 'জিম্মি'র শুটিং শুরু করেছেন বাংলা চলচ্চিত্রের এই ‘ডেঞ্জার ম্যান’।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। ইতোমধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।  এই নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার বিষয় তিনি গণমাধ্যমে বলেন, “আমার নির্বাচন করার ইচ্ছা নাই। তারপরও আমাকে ছাড়ছে না। হয়তো সহ-সভাপতি বা যেকোনো একটি পদে নির্বাচন করতে পারি।”

সভাপতি পদে কেন নির্বাচন করছেন না-এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমে বলেন, “সভাপতির পদে নির্বাচনের সময় নাই আমার। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি।”

চলচ্চিত্র শিল্পী সমিতির আসছে নির্বাচনে প্যানেল বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ডিপজল বলেন, “আমি দল বদল করার লোক না। নির্বাচন করলে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল থেকেই করবো। কারণ তারা যেভাবে গরিবের পাশে থেকেছে, আমার মনে হয় শতভাগ করেছে।”

নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে বাংলাদেশের এই জনপ্রিয় খলনায়ক বলেন, “কোনো কিছু অগ্রিম বলা ঠিক না। কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তখন বিষয়টা ভালো দেখায় না। বছরের প্রথম দিন ওয়েবসিরিজ শুরু করলাম। ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। বাকি সব আল্লাহর ওপর।”

Link copied!