সাফল্যের পাহাড় বেয়ে উঠেই চলেছে রাজামৌলির ‘আরআরআর’। গোল্ডেন গ্লোব জয়ের পর এবার ক্রিটিকস চয়েসেও সেরার পুরস্কার পেলো ‘আরআরআর’। ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ২০২৩’-এর পাঁচটি বিভাগে নমিনেশন পেয়েছিল সিনেমাটি। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কার জিতে নিয়েছে চলচ্চিত্রটি।
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত জমকালো আয়োজনে প্রাপ্তির খাতায় যুক্ত হওয়া এই নতুন অর্জন ‘আরআরআর’-এর অস্কারের পথ আরও প্রশস্ত করে দিলো।

এর আগে ‘আরআরআর’-এর গান 'নাটু নাটু' সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছিল। এবার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা গানই নয়, জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত এই সিনেমাটি জিতে নিলো সেরা সিনেমার পুরস্কারও।
শুরু থেকেই ‘আরআরআর’ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে। আর একের পর এক জিতে নিচ্ছে পুরস্কার।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, আরআরআর-এর কাস্ট এবং কলাকুশলীদের অভিনন্দন– সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী।

কিছুদিন আগেই গোল্ডেন গ্লোব ২০২৩-এ সেরা ছবি হিসেবে আরআরআর এবং সেরা গানের বিভাগে মনোনীত হয় নাটু নাটু গানটি। তারপর সেরা মৌলিক গানের পুরস্কার পায়। এর আগে ২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে সেরা আন্তর্জাতিক সিনেমার খেতাবও পেয়েছে। এ ছাড়া 'নিউইয়র্ক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডসে' সেরা পরিচালকের পুরস্কারও জিতে নেয় আরআরআর।