সালমান খানকে হত্যা করা হবে ৩০ এপ্রিল, হুমকি সন্ত্রাসী গোষ্ঠীর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৩, ০৩:০২ পিএম

সালমান খানকে হত্যা করা হবে ৩০ এপ্রিল, হুমকি সন্ত্রাসী গোষ্ঠীর

বলিউড নায়ক সালমান খান প্রায়শঃ হত্যার হুমকি পান। কখনো মাফিয়া, কখনোবা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে। আবারও হত্যার হুমকি পেয়েছেন বলিউডের এই সুপারস্টার। 

সোমবারই মুম্বাইয়ে মহাধুমধামে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে সালমানের সংলাপ, অভিব্যক্তি ও অভিনয় ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এসব আলাপের মধ্যে গতকাল রাতেই আবার হত্যার হুমকি পেলেন বলিউড ভাইজান। এবার অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তি সালমানকে হত্যার তারিখও জানিয়ে দিল মুম্বাই পুলিশকে।

গতকাল রাত নয়টা নাগাদ মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমানকে হত্যার হুমকি দিয়েছে। অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি নিজের নাম ‘রকি ভাই’ বলে জানিয়েছে। আর তিনি যোধপুরের গোরক্ষকের বাসিন্দা বলে জানিয়েছে। আর ব্যক্তিটি জানিয়েছে যে ৩০ এপ্রিল বলিউডের ‘দাবাং খান’-কে হত্যা করা হবে। মুম্বাই পুলিশ এই মামলার জোর তদন্তে নেমেছে।

ক্রমাগত হত্যার হুমকিতে কিছুটা বিব্রতও সালমান। এর আগেও একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। কিছুদিন আগেই ই–মেইলের মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে ১৮ মার্চ সালমানকে এক হুমকিভরা ই–মেইল দেওয়া হয়েছিল।

জানা যাচ্ছে, মেইলটি এসেছিল গ্যাংস্টার গোল্ডি বরাড়ের পক্ষ থেকে। ভাইজানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের ই–মেইল অ্যাকাউন্টে মেইলটি এসেছিল। মেইলটি পাওয়ার সাথে সাথে প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন।

এরপরই ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসি-র ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড় আর রোহিত বরাড়ের বিরুদ্ধে মামলা করেছে। ই–মেইলে লেখা ছিল, ‘গোল্ডি বরাড়, তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব-নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাববো না।

‘পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’ এই হুমকিভরা ই-মেইল পাওয়ার সাথে সাথে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন। পরে সেই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েছে। 

সূত্র: এনডি টিভি

Link copied!