চরকির ওয়েব সিরিজগুলো বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। ঈদের আগের দিন চাঁদরাতে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ স্ট্রিমিং শুরু হয়। প্রথম দিন থেকেই অভাবনীয় সাড়া ফেলে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো ইতিবাচকভাবে দর্শক মহলে সাড়া ফেলছে শিহাব শাহীন পরিচালিত অ্যালেন স্বপন।
এর আগে গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। সেই সিরিজটিরও অন্যতম চরিত্র ‘অ্যালেন স্বপন’। তাকে নিয়ে দর্শকের মনে নানা প্রশ্ন জেগেছিল। চট্টগ্রামের ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে অ্যালেন স্বপন চরিত্রটা পর্দায় প্রশংসার সঙ্গে তুলে ধরেছিলেন নাসির উদ্দিন খান। এদিকে শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক প্রশংসা।

কেউ বা গল্পের, কেউ বা নির্মাণের, আবার কেউ কেউ অভিনয়শিল্পীদের অভিনয়ের কথা তুলে ধরছেন। অনেকেই বলছেন, নাসির ও মিথিলা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
একজন লিখেন, মাইশেলফ অ্যালেন স্বপন : বিউটিফুল অ্যান্ড বোল্ড সিরিজ। নাসির উদ্দিন খান প্রচণ্ড বোল্ড একটি সিনে অভিনয় করেছেন। যেটা দেখার পর আমার চোখ কপালে ওঠে গেছে। বাংলায় এটাও সম্ভব!
আরেকজন দর্শক লেখেন, এটি মিথিলার অভিনয় ক্যারিয়ারের সেরা কাজ হয়ে থাকবে। এত ডিটেলিং এবং নাটকীয়তা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা প্রশংসার দাবিদার।

সাত পর্বের সিরিজটিতে নাসির উদ্দিন এখন এবং মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে।