সিনেমার কোনো ধর্ম নেই, বললেন শাহরুখ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০১:১৪ পিএম

সিনেমার কোনো ধর্ম নেই, বললেন শাহরুখ

বলিউডের এ মূহুর্তের আলোচিত চলচ্চিত্র ‘পাঠান’ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শাহরুখ খান। এখন প্রতিদিনই তিনি তাঁর উচ্ছ্বাস আর আবেগের কথা বলে চলেছেন। এরইমধ্যে তিনি বলেছেন, সিনেমার কোনো ধর্ম নেই, বিনোদনকে সহজভাবে দেখুন।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ। এদিনই তিনি দর্শকদের উদ্দেশ্যে এ আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষকে আনন্দ দিতে, খুশি করতেই তাঁরা এতো পরিশ্রম করে ছবি বানান। সেই ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়া দুর্ভাগ্যজনক।

অভিনেতা শাহরুখ খান বলেন, বিনোদনের জন্য আমরা ছবি তৈরি করি। কারও ভাবাবেগে আঘাত করতে নয়। ছবির দুনিয়া আর বাস্তবের মাটি এক নয়। ছবিতে যা সংলাপ বলা হয়, তাঁর সাথে বাস্তব জীবনের সম্পর্ক নেই। ছবির চরিত্ররা সেই সংলাপ বলছে, বাস্তব জীবনের কেউ নয়।

‘পাঠান’ মুক্তির আগে বয়ে গিয়েছে বিতর্কের ঝড়। কখনো এক গানে নায়িকার পোশাকের রং নিয়ে বিতর্ক। কখনো আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে উঠেছে। অবশেষে বিতর্ক-বিক্ষোভ পেরিয়ে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। বক্স অফিসে মিলেছে অভাবনীয় সাড়া। গত ৫ দিনে ৫০০ কোটির ক্লাব ছাড়িয়ে গেছে খানের ‘পাঠান’, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম। প্রতিদিনই ছবিটি নানা রেকর্ড জন্ম দিয়ে চলেছে।

Link copied!