সিনেমার গল্পকেও হার মানায় মিম-সনির প্রেম

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৫:১১ পিএম

সিনেমার গল্পকেও হার মানায় মিম-সনির প্রেম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল বুধবার (১০ নভেম্বর) । আর এদিনই নিজের বাগদানের খবর জানান নায়িকা। রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বাগদান সম্পন্ন হয় তাদের। হবু বর কে? কিভাবে প্রেমের শুরু? ৬ বছরের প্রেমকে পূর্ণতা দেয়ার সিদ্ধান্ত সবকিছুই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

কিভাবে পরিচয়?

ছয় বছর আগে বান্ধবী অর্নির মাধ্যমে সনি পোদ্দারের সঙ্গে পরিচয় হয় মিমের। তারপর বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন  মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মিম বলেন, “ওর সঙ্গে আমার পরিচয় সানজিদা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমে। সেটাও আবার ফেসবুকে। অর্নির সঙ্গে সনি তখন স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতো। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কিনা, কারো সঙ্গে প্রেম করি কিনা। আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ।

এরপর অর্নি বলে, ‘দোস্ত একটা ভালো ছেলে আছে। কথা বলবি?’ আমি সরাসরি না করে দেই। কারণ চিনি না, জানি না, কেন কথা বলব!”

বন্ধুত্ব দিয়ে সম্পর্কের শুরু

গল্প এগিয়ে নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘অর্নি বলল, বন্ধু হিসেবেই কথা বল। তাই নরমালি বন্ধু হিসেবে কথা বলা শুরু হয়। ফেসবুকে তিনজন মিলে গ্রুপ খোলা হয়। সেই গ্রুপেই কথা বলতাম আমরা। কিছু দিন কথা বলার পর সনি আর আমি মিলে আলাদা কথা বলা শুরু করি! এটা আমার বান্ধবীও জানত না। ও জিজ্ঞেস করত, কথা হয় কিনা। আমি বলতাম, না হয় না তো! অনেক দিন পরে গিয়ে ও জানতে পারে।’

ভালোবাসার শুরু

ভালোবাসার প্রস্তাবটা প্রথম কে দিয়েছিল? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবেচেয়ে দীর্ঘাঙ্গী এই অভিনেত্রী বলেন, ‘সনিই দিয়েছিল প্রস্তাবটা। ২০১৬ সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ১১ তারিখ হবে হয়ত! আসলে তারিখটা নির্দিষ্ট করে মনে নেই। এগুলো ও খুব ভালোভাবে মনে রাখতে পারে।’

প্রথম দেখা কবে ও কোথায়

মিম-সনির প্রথম দেখা কবে, কোথায়? জবাবে ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার এই লাস্যময়ী তারকা বলেন, ‘গ্লোরিয়া জিনসে। এটা ২০১৬ সালেই। আমি আসলে তখন খুব নার্ভাস ছিলাম। কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তার মধ্যে আবার ভয় ছিল, মা যদি জানে, তাহলে তো খবর আছে! আবার কেউ যদি দেখে ফেলে! সব মিলে অন্যরকম প্রতিক্রিয়া ছিল। তাই বেশিক্ষণ ছিলাম না ওই দিন। অল্প কিছুক্ষণ থাকার পর তাড়াতাড়ি করে আবার বের হয়ে চলে আসি।’

কে এই সনি পোদ্দার?

ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রিধারী এই নায়িকা জানান, হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্যরা। এ ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাও মিমের জীবনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন।

মিম জানিয়েছেন, বুধবার (১০ নভেম্বর) তার বাগদান হয়েছে। কিন্তু আরও অনেক আগে থেকেই তার হাতের অনামিকা আঙুলে আংটি দেখা গেছে। সেটার রহস্য কী? এ বিষয়ে তিনি বলেন, ‘সম্পর্কের এক বছরের মাথায়ই ও আমাকে এই আংটিটা দিয়েছিল। সেটাই সারাক্ষণ পরে থাকতাম। তবে অফিসিয়ালি গতকালই (১০ নভেম্বর) আংটি বদল করেছি আমরা।’

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। অবশেষে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন সনি পোদ্দারকে।

Link copied!