ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দীর্ঘ ২৩ বছর ধরে সিনেমাপাড়ায় একাই রাজত্ব করে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরেই ঈদে মুক্তি পেয়ে আসছে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা। গেল ঈদুল ফিতরেও তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। তবে এবার সিনেমাপাড়ার মন খারাপের খবর হচ্ছে ঈদে শাকিব খানের কোন সিনেমা মুক্তি পাচ্ছে না।
এবারই প্রথমবার ঈদে কোন সিনেমা মুক্তি পাচ্ছে না শাকিবের। যদিও আগে শোনা গিয়েছিলো তার অভিনীত দুটি সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমি বাংলাদেশ’ ঈদুল আজহায় মুক্তি পাবে। কিন্তু প্রযোজক পরিবেশক সমিতিতে ঈদে মুক্তির নিবন্ধন তালিকায় ছবি দুটিসহ শাকিবের কোন ছবির নাম নেই। সিনেমা পাড়ায় এটি এবারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।
সিনেমাহীন ঈদে তার ভক্ত থেকে শুরু করে দর্শকের বেশিরভাগই হতাশ। সেই সঙ্গে হতাশা প্রকাশ করছেন সিনেমা হল মালিকরাও। তাদের ভাষ্যমতে, শাকিব খানের একটা বিশাল শ্রেণীর দর্শক আছে। তার সিনেমা মানেই ঈদ উৎসব। সেখানে তার সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শক কতটা হলে আসবে, সেটা নিয়ে আমরা শংকিত!
সিনেমা মুক্তি না পাওয়া নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে এবারই হয়তো প্রথম কোন ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা যে কতটা মন খারাপের খবর! মনটাই ভীষণ খারাপ হয়ে গেলো। অথচ, সিনেমার কাজগুলো আমি সুন্দরভাবে শেষ করে দিয়েছি। যেটার ডাবিং বাকি ছিলো সেটা নিজের পকেটের টাকা খরচ করে আমেরিকায় বসে সম্পন্ন করে দিয়েছি। কিন্ত প্রযোজক হয়তো চান না সিনেমা মুক্তি পাক!
উল্লেখ্য, সম্প্রতি শাকিব খান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্থায়ীভাবে থাকার জন্য তিনি এরই মধ্যে গ্রিন কার্ড পেয়েছেন। প্রায় সাত মাস পর সামনের সপ্তাহে দেশে ফিরবেন দেশীয় চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’। দেশে ফিরেই নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। ২০২১-২২ অর্থ বছরে চলচ্চিত্র নির্মাণে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান।