মে ২৮, ২০২১, ০৩:৩৫ পিএম
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই মাদকযোগের তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য মিরেছে। শুক্রবার (২৮ মে) হায়দরাবাদ থেকে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে গ্রেপ্তার করেছে এনসিবি।
গত বছরের ১৪ জুন নিজ ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পর থেকেই শুরু হয় রহস্যের ধুম্রজাল।
সুশিান্তের মৃত্যুর ঘটনায় মাদকযোগ খতিয়ে দেখতে শুরু করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি কর্মকর্তাদের সন্দেহের তালিকায় ছিলেন আইটি প্রফেশনাল সিদ্ধান্ত। তিনি সুশান্তের খুবই কাছের বন্ধু ছিলেন। যে চারজন প্রথমে সুশান্তের ঝুলন্ত দেহ দেখতে পান, তাদের মধ্যে সিদ্ধার্থ পিঠানি একজন।
এর আগে একাধিকবার সিবিআই এবং এনসিবি কর্মকর্তারা সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেছেন। গত অক্টোবরে তদন্তের স্বার্থে সুশান্তের পরিচারক নীরজের সঙ্গে সিদ্ধার্থকেও দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। শোনা যায়, সেখানে ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বয়ান রেকর্ড করে সিবিআই। জানা যায়, দু’জনের বয়ানে মিল ছিল না।
সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক যোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে মাদকযোগের অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক গ্রেপ্তার হয়েছিল।
সূত্র: সংবাদ প্রতিদিন