বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন আজ ২৭ ডিসেম্বর। বেশ জাঁকজমকের সাথেই পালিত হচ্ছে ভাইজান খ্যাত এই অভিনেতার জন্মদিন। তবে বিশাল এই আয়োজনের আগেই শনিবার মধ্যরাতে নিজের খামার বাড়িতে একটি সাপের কামড়ে হাসপাতালে যেতে হয়েছিলে বলিউডের এই মোস্ট এলিজাবেল ব্যাচেলরকে।
আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাপের কামড়ের পর সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সালমান খানকে। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। সাপের কামড়ের তিক্ত সেই অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ভাইজান।

সালমান খান বলেন, “একটা সাপ আমার খামারবাড়ির ভেতরে চলে আসে। আমি লাঠি নিয়ে সাপটিকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এক পর্যায়ে সাপটি আমার হাতের কাছাকাছি পৌঁছে যায়। আমি ধরে ফেলার সময় ওই সাপটি আমার হাতে তিনবার ছোবল মারে। সাপটি কম বিষধর হওয়ায় আমি এখন সুস্থ আছি।”
ছোবল মারা ওই সাপের সঙ্গে সেলফি তোলার কথাও জানান বলিউডের এই সুপারস্টার। সাপটি মানুষের হট্টগোল শুনে ভয় পেয়ে কামড়ে দিয়েছিল বলে মনে করেন সালমান।
সালমান খান সাপটির বিষয়ে বলেন, “আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।”

সালমানের বাবা প্রখ্যাত গীতিকার সেলিম খান গণমাধ্যমে বলেন, “সাপ কামড় দেওয়ার পর আমরা সবাই খুব চিন্তায় পড়ে যাই। সালমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ার জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না বলে এই যাত্রায় রক্ষা।”
সালমানের জন্মদিন পালন
৫৬ বছরে পা দেওয়া সালমান খানের জন্মদিন আজ ২৭ ডিসেম্বর। প্রতিবছরই নিজের জন্ম দিনটা পরিবারের সঙ্গে সেলিব্রেট করেন। এরই ধারাবাহিকতায় এবারও প্যানভেলের ফার্ম হাউজে চলছে তার জন্মদিন উৎসব।রবিবার মধ্যরাত থেকেই সেখানে পার্টির আয়োজন করেন সালমান নিজেই। ওই রাতেই খামারবাড়িতে দেখা গেছে ববি দেওল, বতসল শেঠ, রজত শর্মা প্রমুখ অভিনেতাদের উপস্থিতি।
সালমানের বোন অর্পিতা খানের মেয়ে আয়াত তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রবিবার রাতে কেক কাটার আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বলিউড ভাইজান আয়াতকে নিয়ে কেট কাটছেন। এ সময় পাপারাজ্জিরা সালমানকে ঘিরে ধরে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়।

করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় গত বছরের বেশিরভাগ সময়ই এই প্যানভেলের ফার্মহাউজেই সময় কাটিয়েছেন অভিনেতা। সেখানে চাষবাসও শুরু করেছিলেন তিনি। লকডাউনের সময় ভাইরাল হয়েছিল সেই ছবি ও ভিডিও। এমনকি এই ফার্ম হাউজেই গতবছর জ্যাকলিনের সঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন টাইগার।
বর্তমানে ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার থ্রি'র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। ছবিটির কিছু অংশের শুটিং এখনও বাকি রয়েছে। আপাতত জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস-১৫ নিয়েই ব্যস্ত তিনি। শাহরুখ খানের 'পাঠান'-ছবির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ভাইজান।
এছাড়াও সালমান খানের আসেন্ন ছবির মধ্যে রয়েছে জ্যাকলিনের ফার্নান্দেজের সঙ্গে 'কিক টু' ও পূজা হেগড়ের সঙ্গে 'কাভি ঈদ কাভি দিওয়ালি'।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান খান। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। ১৯৮৯ সালে সুপার ডুপার ও ব্লকবাস্টার হিট হওয়া হিন্দি ভাষার সঙ্গীতধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়ায় নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদরে প্রশংসা কুড়ান।

এর পর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ম্যায়নে পিয়ার কিয়া ছবিতে অভিনয়ের পুলষ্কার হিসেবে তিনি ‘শ্রেষ্ঠ নবাগত অভিনেতা’ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর পর তার ঝুলিতে বহু পুরস্কার যোগ হয়। আজও তিনি দোর্দন্ড প্রতাপে বলিউডে কাজ করে চলেছেন।