সেন্সরে ছাড়পত্র পেলো ‘চন্দ্রাবতী কথা’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৫:২৩ পিএম

সেন্সরে ছাড়পত্র পেলো ‘চন্দ্রাবতী কথা’

শ্যুটিং শেষ হওয়ার বেশ ভালো সময়ের পরে মুক্তির পথে চন্দ্রাবতী কথা। ভারতীয় উপমহাদেশের সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। ‘গবেষণা, শুটিং পূর্ব প্রস্তুতি, শুটিং, পোস্ট প্রোডাকশন—সব মিলিয়ে পাঁচ বছরের মতো সময় লেগেছে ছবিটি সম্পন্ন করতে। ২০২০ সালে জানুয়ারিতে ছবিটি সেন্সরে জমা দিলেও মহামারীর জন্য ছাড়পত্র পায়নি সিনেমাটি।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গতকাল ২৮ ফেব্রুয়ারিতে সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে ‘চন্দ্রাবতী কথা’। কবির জন্ম কিশোরগঞ্জ হওয়ায় সিনেমার বেশিরভাগ শ্যুটিং করা হয়েছে সেখানে। এছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনার অন্যান্য এলাকায় বিভিন্ন ঋতুতে শুটিং হয়। পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে ভারতে।

সংগীত পরিচালনা করেছেন কলকাতার সাত্যকি ব্যানার্জি। গুরুত্বপূর্ণ চন্দ্রাবতী চরিত্রে আছেন দোয়েল ম্যাশ। ১৫৫০-১৬০০ সালের কবি চন্দ্রাবতী জীবন্ত হয়েছেন অভিনেত্রী দোয়েলের মধ্যে। ‘আলফা’ সিনেমার দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিলো দোয়েলের।

বহুল প্রতীক্ষিত চন্দ্রাবতী কথা সিনেমা নিয়ে দোয়েল ম্যাশ দ্য রিপোর্টকে বলেন, ‘আমি খুব খুশি এই সিনেমার মুল চরিত্রে কাজ করে। যেহেতু এটি একটি টিম ওয়ার্ক। তাই টিমের একজন সদস্য হিসেবে এটি আমার জন্য আনন্দের।‘

তিনি আরও বলেন, ‘যখন আমরা কাজ শুরু করেছি আমাদের কাছে চন্দ্রাবতীর কোনো ছবি ছিল না। আমরা জানতাম না আসল চন্দ্রাবতী দেখতে কেমন ছিলেন। তাই পুরো টিম মিলে চেষ্টা করেছি হুবহু না হলেও আসল চন্দ্রাবতীর কাছাকাছি স্ক্রীনে ইপস্থাপন করার।’

এর সাথে যোগ করে দোয়েল বলেছেন, ‘চন্দ্রাবতী চরিত্রে যেহেতু আমাকে দেখবে তাই আমি খুশি। কারন এরপরে যখনই চন্দ্রাবতী নাম আসবে তখন আমার নামটাও আসবে। এ নিয়ে শুধু খুশি নই, আমি গর্বিত।’

এছাড়াও সিনেমায় রয়েছে জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

Link copied!