স্ত্রী মীরাকে মাস্ক পরিয়ে দিলেন শহিদ কাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ১১:০৭ এএম

স্ত্রী মীরাকে মাস্ক পরিয়ে দিলেন শহিদ কাপুর

বলিউডে করোনার প্রকোপ বাড়তে থাকায় সচেতন থাকছেন তারকারা। তবুও করোনায় আক্রান্ত তারকাদের তালিকায় রয়েছে বলিউডের বড় একটি অংশ। তাই যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলতে চেষ্টা করেন বলিউড তারকারা। তবে মাঝে মাঝে মাস্ক পরার বিষয়টি নিয়ে আলোচনায় পড়ে যান তারা। এবার মাস্ক পরাতে গিয়ে আলোচনায় অভিনেতা শহিদ কাপুর।

বলিউডে একের পর এক তারকাদের আক্রান্তের খবর পাওয়া যায় প্রতিদিনই। তাই সকলকে সচেতন থাকার জন্য প্রায়ই বলিউড তারকারা বার্তা দিয়ে থাকেন। কেউ সোশ্যাল মিডিয়াতে ছবির সাথে স্ট্যাটাস দেন, আবার কেউ ভিডিও শেয়ার করেন। তবে মাস্ক পরা নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসেন তারকারা। এবার আলোচনায় আছেন অভিনেতা শহিদ কাপুর এবং তার স্ত্রী মীরা রাজপুত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন মীরা রাজপুত। ছবিটি দেখে মনে হয়েছে নিজের বাড়ির উঠানে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারা। ছবিতে দেখা গেছে দুইজনই হেলমেট পরে আছেন এবং শহিদ কাপুর তার স্ত্রী মীরাকে মাস্ক পরিয়ে দিচ্ছেন।   

এই ছবি শেয়ারের সাথে মীরা মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘করোনাপেট্রোল এসিপি শাদিউমান’। তবে ছবিটি শেয়ার করার পর থেকে নেটিজেনদের সমালোচনায় এসে গেছেন তারা। অনেকেই প্রশ্ন করছে যে, তারা কি স্বাস্থ্যবিধি মানলেন, নাকি ভাঙ্গলেন? কেউ আবার প্রশ্ন করছেন, যেহেতু বার বার বলা হয় খোলা জায়গায় মাস্কে হাত দেওয়া উচিত নয় তাহলে মীরা আর শাহিদ তো খোলা জায়গাতেই রয়েছেন, তাদের কি আরও একটু সতর্ক থাকা উচিত ছিল না?

এসব প্রশ্ন আসলেও শহিদ কাপুর যে এই করোনা পরিস্থিতিতে সচেতন নয় তা বলা যাবে না। কিছু দিন আগে পাপ্পারাজির ক্যামেরায় উঠে এসেছিল তার এয়ারপোর্ট লুক, সেখানে শুধু ফেস মাস্কই নয়, তার উপরে একটা স্বচ্ছ ফেস শিল্ডও পরে থাকতে দেখা গিয়েছিল নায়ককে।

Link copied!