স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘স্ফুলিঙ্গ’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২১, ১১:১১ এএম

স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘স্ফুলিঙ্গ’

আজ ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে এক সপ্তাহ। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ‘স্ফুলিঙ্গ’র অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। একটি পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘১৯ মার্চ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাবে না শুনে আশাহত হয়েছিলেন যারা, তাদের জন্য স্বস্তির সংবাদ, নিজের পরিচালিত সপ্তম সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তৌকির আহমেদ। ’

ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। এছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু সহ আরও অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। ছবিটি পরিবেশনায় আছে দি অভি কথাচিত্র।

‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি বিনা কর্তনে গত ১৪ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এক সপ্তাহ পিছিয়ে স্বাধীনতা দিবসে মুক্তির বিষয়ে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, যেহেতু এর গল্পে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, সে জায়গা থেকে স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি তারা যুক্তিযুক্ত মনে করেছে।

এ বিষয়ে নির্মাতা তৌকির আহমেদ জানিয়েছেন, ‘স্ফুলিঙ্গ’-এ দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকবে একটি ব্যান্ডের কাহিনিও। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।’ সম্প্রতি প্রকাশিত ট্রেলারেও তৌকির আহমেদ তার কথার ছাপ রেখেছেন। এখানে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রয়েছে মুক্তিযুদ্ধ। আবার একই রয়েছে এ প্রজন্মের মধ্যে থাকা মুক্তিযুদ্ধের চেতনা। ট্রেইলারে ফুটে উঠেছে দুই প্রজন্মের দেশপ্রেমের গল্প।

Link copied!