জানুয়ারি ৫, ২০২৩, ০১:০৯ এএম
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। শিলা কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সাথে ভিডিওকলে কথা বলছেন। এ সময় তাঁদের শিশুপুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ভিডিওকলের ছবিতে।
বুধবার দিবাগত রাতে শিরিন শিলা তাঁর পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।
নানা অভিযোগ তুলে এর আগে পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা। তিনি সেই পোস্টে লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’
এর মধ্যে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তাঁর নতুন স্ট্যাটাসে রাজের সাথে বিচ্ছেদের বিষয়টিও চূড়ান্ত করেন।
পরীমনির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। ’
এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন! তবে শরীফুল রাজের ভাষ্য, সেই গডফাদারকে তিনি ছেড়ে দেবেন না।
তবে অনেক নাটকীয়তার পরে একই ফ্রেমে পরীমনি ও শরীফুল রাজের দেখা মেলায় অনেকে স্বস্তি প্রকাশ করছেন এখন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাঁদের বিয়ের খবর। গত বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে এলে আলোচনার সৃষ্টি হয়।
পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাঁদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।