হত্যাচেষ্টার অভিযোগে জিডি করলেন বুবলি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০২:০০ পিএম

হত্যাচেষ্টার অভিযোগে জিডি করলেন বুবলি

শুক্রবার রাতে `আত্নরক্ষার' জন্য থানায় গিয়ে সাধারণ ডায়িরি (জিডি) করলেন চিত্রনায়িকা বুবলি। গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিছুদিন ধরে এমনটা হওয়ায় আতঙ্কিত বুবলি। তাই আর দেরি না করে রাতেই তিনি উত্তরা পশ্চিম থানায় বাবা এবং ভাইকে নিয়ে থানায় হাজির হন তিনি এবং সাধারণ ডায়েরি করেন।  

জানা গেছে, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বুবলির জিডি নম্বর ১৯১৭। জিডিতে বুবলি উল্লেখ করেছেন, ‘আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রের কাজের কারণে প্রায় সময় আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া–আসা করতে হয়। শুটিংয়ের কারণে বাসায় ফিরতে অনেক সময় রাত হয়ে যায়। এমতাবস্থায় প্রায় গত বেশ কয়েক দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা নম্বরবিহীন প্রাইভেট কার ও মাইক্রোবাস ব্যবহার করে আমাকে ফলো করছে। অদ্য ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নারায়ণগঞ্জ থেকে শুটিং শেষ করে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাড়িতে ফেরার পথে আনুমানিক ৩টার সময় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের জসীম উদ্‌দীন রোডে পৌঁছামাত্র উল্টো দিক থেকে নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেট কার এসে আমার গাড়ির সামনে হার্ড ব্রেক করে। আমি আশঙ্কা করছি, অজ্ঞাতনামা ব্যক্তিরা যেকোনো সময় আমার ক্ষতি করতে পারে। উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি করতে যেন মর্জি হয়।’

বুবলির দায়ের করা সাধারণ ডায়েরি নিয়ে  উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ইলিয়াস বলেছেন, ‘সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত হবে। একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনার অনুসন্ধান করবেন। এটা অধর্তব্য অপরাধ, তাই তিনি জিডি করেছেন। এটার যদি অধিকতর তদন্তের দরকার হয়, তার সবকিছুই আমরা করব।’

শনিবার দুপুরে গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘গতকাল ভেবেছিলাম, দু–এক দিন পর সাধারণ ডায়েরি করব। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় আমি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিই। বাসায় ফিরতে রাত ১১টা বেজে যায়। বাসায় ফেরার পর আব্বু-আম্মু আমাকে বলেন, কয়েক দিন ধরে যেসব ঘটনা ঘটছে, তাতে আর দেরি করার কোনো মানে হয় না। আজ রাতেই যেন ঘটনাটি থানায় অবহিত করি। এরপর আব্বু, ছোট ভাইসহ থানায় গিয়ে ঘটনাটি উল্লেখ করে সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করি।’

তিনি আরও জানিয়েছিলেন, শুটিংয়ে যাওয়া–আসার পথে কে বা কারা তার গাড়ি অনুসরণ করছে জানেন না তিনি। একাধিকবার তাকে গাড়িচাপা দেওয়ার চেষ্টাও করেছে। এসব নিয়ে তিনি ও তাঁর পরিবার আতঙ্কিত। তবে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বুবলি তাঁর ফেসবুকে গতকাল লিখেছিলেন, ‘সব সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়, তা গত দুদিনে টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। ভাবছিলাম আজকের দিনটিতে আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারত। মা-বাবা, ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় সুস্থ আছি।’

বুবলি আরও লেখেন, ‘গত পাঁচ দিন “চোখ” নামের একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে আসে একটি প্রাইভেট কার, যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো। ছিল না কোনো নম্বর প্লেট। তাৎক্ষণিকভাবে আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে। অনেক দিন ধরেই আমি নানাভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যাঁরাই এসব ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তাঁরাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব।’

Link copied!