আগস্ট ১৩, ২০২২, ০৪:০২ পিএম
নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের একটি গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন ফেলেছে। র্যাপ গানটিতে একজন ব্যবসায়ীর করুণ পরিস্থিতি উঠে এসেছে। বর্তমান সময়ের কথা বলা এই গানটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ-গ্রুপে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার গানটি প্রকাশ করে দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর নিজেই করেছেন আলী হাসান। গানটির ভিডিওতে অভিনয় করতেও দেখা গেছে তাকে।
গানটিতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। তাদের নিয়ে অসাধারণ ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র্যাপ গানটি। ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশ্যে আসতেই মাতিয়ে দিয়েছে পুরো দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের টাইমলাইনেও জায়গা করে নিয়েছে এই গানটি।

জানা গেছে, আলী হাসান নিজেও একজন ব্যর্থ হার্ডওয়্যার দোকানের মালিক ছিলেন। ৮ মাস আগে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। সেই অভাব আর অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরাল করার জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।
ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান, বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে বর্তমানে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার ইচ্ছা নেই তার। নিজের জীবন গোছাতে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন আলী হাসান।