করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আজ মঙ্গলবার দুপুরে আবুল হায়াত বলেন, ‘আলহামদুলিল্লাহ্, সবার দোয়ায় এখন ভালো আছি। ট্রিটমেন্ট শেষ। আজকেই রিলিজ দিয়ে দিবে। ওষুধপত্র দিয়ে দিয়েছেন। সেগুলো ঠিকঠাকভাবে খেতে হবে।’
তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও করোনামুক্ত নন আবুল হায়াত। চিকিৎসকের পরামর্শেই বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘রেজাল্ট এখনও আসেনি। বিকেলে রিপোর্ট হাতে পাবো। নেগেটিভ, পসেটিভ যাই হোক আজই আমাকে ছেড়ে দিবে। যদি নেগেটিভ হয় তাহলে তো স্বাভাবিকভাবেই সব চলবে। আর নয়তো বাড়িতেই আইসোলশনে থাকতে হবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্তের পর গত বুধবার (৩১ মার্চ) আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি, দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’ ‘ফাগুন হাওয়া’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত। ৭৬ বছর বয়সী এ অভিনেতা অভিনয়ের বাইরে নিয়মিত লেখালেখিও করেন। ‘এসো নিপোবনে’, ‘অচেনা তারা’, ‘মিতুর গল্প’সহ বেশ কয়েকটি প্রকাশিত বই রয়েছে তার।