বিগ বস দিয়ে সবার নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। কাজের চেয়েই তিনি বেশি আলোচনায় থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। এবার তিনি মুখ খুলেছেন ভারতের বিতর্কিত হিজাব ইস্যু নিয়ে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উর্ফি বলেন, মেয়েরা কী পরবে বা পরবে না, এটা তাদের স্বাধীনতা। আমাদের এত দিনের লড়াই হিজাব পরার বিরুদ্ধে নয়। বরং মেয়েরা যাতে স্বাধীনভাবে তাদের পছন্দমতো পোশাক পরতে পারে, তার পক্ষে। স্কুলে হিজাব পরলে সমস্যা কীসের? সংসদে যদি ইচ্ছেমতো পোশাক পরা যায়, তা হলে অন্য জায়গায় সমস্যা কী?
তিনি আরও বলেন, আমি কোনো কিছুরই বিপক্ষে নই। আমায় দেখে কি মনে হয় কেউ কোনো রকম পোশাক পরলে আমি তার বিরোধিতা করতে পারি?
এর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি বলে দাবি করেছিলেন উর্ফি। তিনি বলেন, জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি।
এর আগে মুসলিম ছেলে বিয়ে করবেন না বলেও উর্ফি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি কোনোদিন মুসলিম ছেলে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি কোনো ধর্মই অনুসরণ করি না। কে আমার প্রেমে পড়ল আর কে পড়ল না, তা আমি পাত্তা দিই না। যাকে আমার ইচ্ছে হবে তাকেই আমি বিয়ে করব।