হুমকি দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন এক সাংবাদিক।রবিবার দুপুরের দিকে বগুড়ার এমদাদুল হক নামে এক সাংবাদিক হিরো আলমের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন,তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নন্দীগ্রামের বিজরুল গ্রামের হাফিজার রহমানের ছেলে এমদাদুল হক জিডিতে উল্লেখ করেছেন- ‘তিনি দৈনিক সময়ের কাগজ, দৈনিক চৌষক ও অনলাইন দৈনিক আলোর পথ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত ২৭ জুলাই অনলাইন দৈনিক আলোর পথে ‘হিরো আলমকে শেষবার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে রিপোর্ট করেন।
ওই দিন বিকাল ৫টা ৩ ও ৫টা ৬ মিনিটে বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম (৩৪) তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাকে ফোন দেন। এরপর ওই রিপোর্টের বিষয় নিয়ে হিরো আলম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও রিপোর্টটি ডিলিট করতে বলেন। অন্যথায় সমস্যা করবেন বলে ভয়ভীতিসহ হুমকি প্রদান করেন। তিনি (এমদাদুল) নিরাপত্তার জন্য এ ব্যাপারে গত ৩০ জুলাই নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন।
এমদাদুল হক জানান, তিনি হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহানের ফেসবুক আইডি থেকে তথ্য সংগ্রহ করেন। রিপোর্ট পাঠানোর আগে হিরো আলমকে তার নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি। ওই সময় তিনি সম্ভবত ঢাকার ডিবি অফিসে ছিলেন। বক্তব্য না নিয়ে নিউজটি করায় হিরো আলম তাকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নিরাপত্তার অভাব অনুভব করায় তিনি থানায় হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন।’
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “সাংবাদিক এমদাদুল হকের জিডি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে হিরো আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।