রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের নেতা মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাসান ইমরানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার বিকেলে পুরনো ঢাকার লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজত ইসলামের এই নেতা লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।
সানাউল্লাহ নামে সংগঠনের এক সদস্য গণমাধ্যমকে জানান, মাওলানা জসিম উদ্দিন ধানমণ্ডির বাসায় যাওয়ার জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশায় কিছুদূর যেতেই ২ যুবক ধারালো অস্ত্র দিয়ে হেফাজত নেতার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, 'মাওলানা জসিমউদদীন একজন বয়োবৃদ্ধ আলেম, মুহাদ্দিস। এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'