১০১ টাকার দেনমোহরে ‘কবুল’ বললেন পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২২, ১০:৫০ এএম

১০১ টাকার দেনমোহরে ‘কবুল’ বললেন পরীমনি

শনিবার রাতেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন রাতে সাদা-হলদে ফুলে সাজানো হয় বর-কনের মঞ্চ।

রাজ ও পরীর গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। বিয়ের অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। তাদের পাশপাশি ছিল রাজ ও পরীর পরিবারের স্বজনরা।

জানা যায়, বিয়ের আসরে কেঁদে ওঠেন পরীমণি। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমে জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে পরীর উকিল বাবার ভূমিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলুদ ও বিয়ের আয়োজন।

এর আগে, শুক্রবার মধ্যরাতে রাজ ও পরীমনির গায়ে হলদের অনুষ্ঠান হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয় রাজ-পরী দম্পতির গায়ে হলুদের ছবি। ওই অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনিসহ  রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা উপস্থিত ছিলেন।

রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরী আর রাজ..। শুভকামনা।’

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর গোপনে সেসময় বিয়েও সেরেছেন নিজেরা ! চলতি মাসে এসব বিষয় প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজ। নতুন বছরের প্রায় শুরুর দিকে এই দম্পতি জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন।ওই দিন দিয়েছিলেন মা-বাবা হওয়ার সুখবরও।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তার আগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।

গত নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দেয়। ১০ জানুয়ারি রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দেন এই তারকা দম্পতি। এর পরপরই তাদের বিয়ে ও পরীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

Link copied!