১২ তারিখ আসছে ‘রেহানা মরিয়ম নূর’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ০৬:২৯ পিএম

১২ তারিখ আসছে ‘রেহানা মরিয়ম নূর’

দেশের মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। 

কান চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর'। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে সম্প্রতি ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন ছবির কেন্দ্রীয় চরিত্র বাঁধন। দিল্লিতে তিনি বলিউডের আলোচিত নির্মাতা বিশাল ভরদ্বাজের 'খুফিয়া' নামে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। 

'খুফিয়া' কাজ চলাকালেই বাঁধন ঘোষণা দিয়েছিলেন, কাজে বিরতি দিয়ে শীঘ্রই দেশে ফিরবেন।, 'রেহানা মরিয়ম নূর'কে তার ক্যারিয়ারের অন্যতম কাজ বলে স্বীকৃতি দিয়েছেন বাঁধন। তাই শত ব্যস্ততার পরও ছবির মুক্তির ক্ষণটিতে তিনি দেশে থাকতে চান।

সেই কথা রাখতেই সম্প্রতি বলিউড ছবির কাজে বিরতি নিয়ে দেশে ফিরেছেন তিনি। এখন তার চাওয়া ছবি মুক্তির মুহূর্তটি দর্শকের সঙ্গে থাকা এবং তাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী।

'রেহানা মরিয়ম নূর' ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহম্মদ সাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। তার পাশাপাশি ছবির অন্যান্য চরিত্রে আছেন, সাবেরী আলাম, আফিয়া জাহিনা জাইমা, কাজী সামি হাসান, জোপারি লু, জাহেদ চৌধুরী, ফারাজানা, খুশবু প্রমুখ।

ছবির কাহিনি গড়ে উঠেছে ৩৭ বছর বয়সী এক মেডিকেল শিক্ষিকাকে কেন্দ্র করে। রেহানা মরিয়ম নূর নামে সেই শিক্ষিকা একজন সিঙ্গেল মা এবং কঠিন জীবন যাপনে অভ্যস্ত। হঠাৎ করেই তিনি এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়। যার পরিপ্রেক্ষিত্রে বদলে যেতে থাকে তার চলমান জীবনের রূপরেখা।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি দেশীয় দর্শকের কাছেও এই কাহিনি ও চরিত্র দাগ কাটবে বলে আশা প্রকাশ করেছেন এর শিল্পী-কলাকুশলীরা। এদিকে দেশে ছবি মুক্তি দেওয়ার পাশাপাশি অস্কারে প্রতিনিধিত্ব করার জন্য ছবিটি পাঠানো হচ্ছে।

Link copied!