করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের তালিকায় যোগ হয়েছিল অভিনেতা ওমর সানীর পরিবার। অর্থাৎ তিনি বাদে তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী, তার ছেলে ফারদিন এবং ছেলের বউ আয়েশা কোভিড পজিটিভ হয়েছিলেন। অবশেষে করোনা থেকে মুক্তি পেয়েছে তার পরিবার। তাই ১৩ দিন পর বাড়ি ফিরেছেন এই অভিনেতা।
গত (৪ এপ্রিল) ছেলে ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। তবে সেখান থেকে বেঁচে যান অভিনেতা ওমর সানী। পুরো পরিবার হোম আইসোলেশনে থাকায় ওমর সানী বসুন্ধরা আবাসিক এলাকার স্বজনের একটি ফ্ল্যাটে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধু আয়েশার করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক ওমর সানী পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবার কে আল্লাহ হেফাজত করছেন আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ।'
প্রসঙ্গত, মৌসুমী-ওমর সানী দম্পত্তি গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সাথে তাদের ছেলে ফারদিনের বিয়ে দেন। বিয়ের আয়োজন করেছিলেন জাঁকজমক ভাবে। সেখানে তাদের অনেক আত্নীয়-স্বজন উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যেই কেউ একজন করোনায় আক্রান্ত ছিলেন বলে ওমর সানী জানিয়েছিলেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এ তারকা পরিবার।