শনিবার সন্ধ্যায় সবাই মাতলো আধুনিক বাংলা গানের পথিকৃৎ কবীর সুমনের গানে। সোয়া পাঁচটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মঞ্চে ওঠেন কবীর সুমন। গান শুরু করার আগে সফরসঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে ছোট্ট বক্তব্যে তিনি বললেন তার কিছু না পারার কথা।
আধুনিক বাংলা গান গেয়ে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরু করেন কবীর সুমন। মঙ্গলবার আধুনিক বাংলা খেয়াল পরিবেশন ও শুক্রবার আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করবেন তিনি।
কবীর সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খানসহ আরও অনেক তারকা।
বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। ৩০ বছর আগে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা হয়। সেই ধারার পুরোধা সুমন ১৩ বছর পর ঢাকায় তাই বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে তুমুল উচ্ছাস। শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন।
অনুষ্ঠানটি ঘিরে তরুণদের উৎসাহ দেখে ঢাকার আসার আগে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে কবীর সুমন বলেছিলেন, ‘আমার ৭৩ বছর চলছে। আর বেশি দিন তো নেই। আরো অনেক বছরও যদি বাঁচি, এই গলাটা তো আর থাকবে না। সুর তো থাকবে না। তাই যতদিন আছি, সকলে যদি শোনেন আমার খুব ভালো লাগবে।’