বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনয় জীবন শুরু করার পর থেকে প্রতিবছরই একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে আসছেন তিনি। আজ এই অভিনেতার ৩৪ তম জন্মদিন। ১৯৮৭ সালে ২৪ এপ্রিল পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন এই অভিনেতা।
বরুণ ধাওয়ানের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান এবং মা করুনা ধাওয়ান। স্টারকিড হয়ে জন্ম নিলেও বাবার পরিচয় কাজের ক্ষেত্রে ব্যবহার করেননি এই অভিনেতা। নিজের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে আজ তিনি সুপারহিরো। বরুণ ধাওয়ান যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি করণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন।
তবে ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ বরুণ ধাওয়ান প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি ‘বেস্ট মেল ডেব্যু’ বিভাগে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হন।
এরপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একেরপর এক দর্শকপ্রিয় ছবি তিনি উপহার দিয়ে আসছেন তার ভক্তদের। ‘বাদরিনাথ কি দুলহানিয়া’, ‘জুডুয়া ২’, ‘হামটি সারমা কি দুলহানিয়া’ কমেডি ঘরোয়াণার ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘কুলি নাম্বার ১’। বরুণ ধাওয়ানের জন্মদিন উপলক্ষ্যে রাত বারোটার পর থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অন্যান্য তারকারা। এখন পর্যন্ত তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সারা আলি খান, নোরা ফাতেহি, অনিল কাপুর, কৃতি স্যানোন, কারিশমা কাপুর, আনুশকা শর্মা, মৌনি রায়সহ আরও অনেকেই।