বলিউড পাড়ায় চলতি বছর একের পর এক খুশির খবর বয়েই চলেছে। বছরজুড়েই তারকা ও জনপ্রিয় অভিনেত্রীদের শুধু মা হওয়ার খবর বইছে বি-টাউনে। চলতি বছরের শুরুতেই মা হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও সোনম কাপুর।

তাদের কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। এরপরই প্রকাশ্যে আসে মা হতে চলেছেন বলিউডের আরও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ও বিপাশা বসু।

গত মাসেই ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া ও বিপাশা। সুতরাং বলিউডজুড়ে বইছে খুশির মৌসুম।

গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এলো বলিউডের আরও এক খ্যাতনামা অভিনেত্রী গওহর খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

বলিউড চলচ্চিত্র, হিন্দি সিরিয়াল, রিয়্যালিটি শো- সবক’টি মাধ্যমেই অত্যন্ত পরিচিত মুখ গওহার খান। টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিগ বস’ সিজ়ন ৭-এর বিজেতা ছিলেন তিনি।

২০২০ সালে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে পেশায় নৃত্যপ্রশিক্ষক জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ঠিক দুই বছরের মাথায় সন্তানের প্রত্যাশা করছেন তারকা যুগল।

অভিনেত্রীর ডিনার ডেট হোক বা অন্যকিছু, সবসময়েই তাদের রোমান্স নজর কেড়ে নেয় নেটিজেনদের।

বিয়ের পর থেকেই গওহর-জায়েদর সন্তান আগমনের নানা গুঞ্জন শোনা গিয়েছিল মায়ানগরীতে। তবে বার বার সে কথা অস্বীকার করেছেন অভিনেত্রী। তবে এ বার সুখবর দিলেন গওহর। মা হতে চলেছেন তিনি। নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে এমনই ঘোষণা দিলেন অভিনেত্রী।

কয়েক দিন আগে দু’বছরের বিবাহবার্ষিকী উদ্যাপন করেন জায়েদ-গওহর। মঙ্গলবার মা হওয়ার খবর তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গওহর লেখেন, ‘‘মাশাআল্লাহ, আপনাদের সকলের ভালবাসা, আর্শীবাদ কাঙ্ক্ষিত। এক থেকে দুই হয়েছিল, যে দিন জায়েদর সঙ্গে গওহরের দেখা হয়। এ বার দুই থেকে তিন। সফর শুরু।’’

অতীতে বিভিন্ন সময় যখন গওহরের মা হওয়ার খবর রটেছে তখন অভিনেত্রী বলেছেন, ‘‘আমি মা হতে চাই, মা হওয়ার অপেক্ষায় রয়েছি।’’ অবশেষে সেই সময় এল গওহর-জায়েদের জীবনে।

নিজের বয়সের তুলনায় সাত বছরের ছোট জায়েদকে বিয়ে করার সময় নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তবে নিন্দকদের কথায় কান দিতে নারাজ অভিনেত্রী।

জায়েদের সঙ্গে তাঁর রসায়ন বার বার নজর কেড়েছে নেটাগরিকদের। লকডাউনের সময় দেখা তাঁদের। সেখান থেকে কথাবার্তা শুরু, তার পর খুব বেশি দেরি না করেই নিকাহ সেরে ফেলেন গহওর-জায়েদ। এ বার দুই থেকে তিন হওয়ার পালা। খুশির হাওয়া দরবার ও খান পরিবারে।