বাংলাদেশের চলচিত্র জগতের ৯০’র দশকের জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ শফিউর রহমান সানি (৬০) মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ভোর রাত তিনটার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছু দিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
সানির বড় ভাই তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান শরীফ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা ১২টার দিকে পাথরঘাটা গ্রামে জানাজা শেষে তাকে আগলাচালা কবরাস্থানে দাফন করা হয়।
শফিউর রহমান সানি ৯০’র দশকে ববি ও নতিজা নামে দুটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ৮০’র দশকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করে সুনাম ও পরিচিত অর্জনের পাশাপাশি সফল হন। পরবর্তীতে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়ায় ‘বংশীনগর’ নামে একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেন।
শফিউর রহমান সানি মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ফজল হকের ছেলে। নবম জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৭ মির্জাপুর আসন থেকে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হিসেবে গামছা প্রতিক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে নায়ক ও রাজনীতিবিদ শফিউর রহমান সানির মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।