‘অপারেশন সুন্দরবন’-র টিজার প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৩:৩২ পিএম

‘অপারেশন সুন্দরবন’-র টিজার প্রকাশ

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে সিনেমাটির জনপ্রিয় তারকা ও কলাকুশলীদের উপস্থিতিতে এক ঝলমলে আয়োজনে টিজার ও ওয়েবসাইটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো সিনেমাটির টিজার ও ওয়েবসাইট। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের অ্যালিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র অপারেশন সুন্দরবন

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে এক সময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। র‌্যাবের একের পর এক অভিযানে সুন্দরবন এখন দস্যুশূন্য।

র‌্যাবের এ দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। চলচ্চিত্র নির্মাণে যৌথভাবে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। র‌্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের তত্ত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, রোশান, তারিন জাহানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপারেশন সুন্দরবনর পরিচালক দীপংকর দীপন জানান, এটি তৈরি করতে আমাদের বেশি বাজেট লাগেনি। তবে এতে যে লজিস্টিক সাপোর্ট, উপকরণ, অস্ত্র, সুবিধা ব্যবহৃত হয়েছে এগুলো যদি টাকায় ভাড়া করতে হতো তাহলে এটা করতে ৩০-৩৫ কোটি লাগত। সেটা লাগেনি কারণ আমাদের ফোর্স সার্বিকভাবে সাপোর্ট দিয়েছে। আমরা খুব অল্প বাজেটে কাজ শেষ করেছি। চলচ্চিত্রটি সম্পর্কে সব তথ্য দিয়ে সাজানো হয়েছে অপারেশন সুন্দরবন-এর ওয়েবসাইট। টিজার ছাড়াও এতে বেশ কিছু ভিডিও থাকবে।

Link copied!