এপার বাংলা এবং ওপার বাংলা দুই দেশেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জয়া আহসানের। রুপে-গুনে ভরপুর এই শিল্পী তার কাজের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ওপার বাংলাতে জয়া অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন ছবি। নাম ‘অর্ধাঙ্গিনী’।

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২ জুন পশ্চিমবাংলার প্রেক্ষাগৃহে। সিনেমাটি নিয়ে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন জয়া আহসান। তিনি লিখেছেন - সত্যি সত্যিই কি অর্ধেক হয়?
প্রশ্নের উত্তর না দিলেও জয়া জানান, সব উত্তর মিলবে আগামী ২ জুন। ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর সফলতার পর এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেখানেই সব প্রশ্ন উত্তর খুঁজে পাবে দর্শক।

২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। নির্মাণ শেষে দীর্ঘ চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জয়া আহসান এই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সেখানে একটি ফাটলের এক দিকে তার মুখ, আরেক দিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এখানে অম্বরীশ ভট্টাচার্যকেও দেখা যাবে।