মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র 'পাঠান'-এর ট্রেইলার। ইতিমধ্যেই কাটকপিপেস্ট ও গ্রাফিকসের কারণে বিতর্কের মুখোমুখি হয়েছে সিনেমাটি। তবে 'পাঠান'কে সমর্থন দিয়েছেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অনেক তারকাই। এতে শামিল হয়েছেন তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির তারকারাও। প্রত্যেককে আলাদা করে উত্তরও দিয়েছেন শাহরুখ।
দক্ষিণী অভিনেতা রাম চরণ তার টুইটে লিখেছিলেন, 'পাঠানের পুরো টিমকে শুভেচ্ছা জানাই! শাহরুখ স্যার আপনাকে অ্যাকশন সিকোয়েন্সে দেখার জন্য মুখিয়ে আছি। #পাঠানট্রেইলার।' এর জবাবে শাহরুখ লেখেন, 'তোমাকে অনেক ধন্যবাদ আমার মেগা পাওয়ার স্টার। যখন তোমার 'আরআরআর' টিম ভারতে অস্কার নিয়ে আসবে, দয়া করে আমাকে তা স্পর্শ করতে দিও! অনেক ভালোবাসা।' শাহরুখের টুইটের জবাবে রাম চরণ আবার লেখেন, 'অবশ্যই স্যার। এই অ্যাওয়ার্ড ভারতীয় সিনেমার।'

ইতিমধ্যেই ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার পেয়েছে 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গানটি। একই গানের জন্য ‘বেস্ট সং’ বিভাগে অস্কারেও মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটি। এছাড়াও, বিশ্বমঞ্চে একাধিক সম্মাননা জিতেছে 'আরআরআর'।

অন্যদিকে, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'। ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রাণা। এই ছবির মাধ্যমে চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ।