আবারো বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র। এবার মঞ্চটা নেদারল্যান্ডের আমস্টারডাম। প্রামাণ্য চলচ্চিত্রের সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব ‘ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্মফেস্টিভ্যাল আমস্টারডাম’ (ইডফা)। ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কামার আহমাদ সাইমন নির্মিত প্রামান্যচিত্র ‘অন্যদিন’। সোমবার (০১ অক্টোবর) আমস্টারডামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইডফার উৎসব পরিচালক অরওয়া নাইরাবিয়া।
উৎসবে অংশ নেওয়ার জন্য প্রামাণ্যচিত্রের নির্মাতা কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২০ নভেম্বর রাত স্থানীয় সময় নয়টায় আমস্টারডামের তুসানস্কি থিয়েটারে ‘অন্যদিন...’-প্রদর্শিত হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘অন্যদিন...’ ছাড়াও বিভিন্ন দেশের ১৪টি ছবি।
আগামী ২৫ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের মধ্যে।
নন–ফিকশন ছবির জন্য দুনিয়াজোড়া খ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইডফা। ১২ দিনব্যাপী এই উৎসবে তিন শতাধিক ছবি প্রদর্শিত হয়।
কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ‘অন্যদিন...’-এর চিত্রনাট্যের জন্যই ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার।
সেই সঙ্গে জেতেন লোকার্নোর ওপেন ডোরসের শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যশনাল প্রাইজ। ২০১৭ সালে একই চিত্রনাট্যের জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লা’ এতেলিয়ারে আমন্ত্রণ পান তিনি।
কামার জানান, ‘প্রথম জমাতেই বৃহত্তম একটি ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেলাম, টপ টেন লিস্টেড ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবি নির্বাচিত হলো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ থিয়েটারে বিশ্ব অভিষেকের দাওয়াত পেলাম, একটি ছবির জন্য আর কি চাই’।
ছবিটির প্রযোজক সারা আফরীন বলেন, ‘ইডফার মতো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার মেইল পেয়ে চোখে পানি চলে এসেছিল’।