পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী স্লোগান ‘খেলা হবে’নিয়ে গান লিখতে দেশটির কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে অনুরোধ করেছেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েকদিন ধরে সাংগঠনিক ও ভারতের অন্যান্য জাতীয় দলের নেতাদের সঙ্গে আলোচনায় দিল্লিতে ব্যস্ত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার (২৯ জুলাই) অভিনেত্রী ও প্রখ্যাত অধিকার কর্মী শাবানা আজমি এবং তার স্বামী প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার সাক্ষাত করার সময় তৃণমূল নেত্রী ওই অনুরোধ করেন।
আসছে ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারাতে বিরোধী জোট গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দিল্লিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বুধবার (২৮ জুলাই) দেশটির রাজধানী দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো রাজধানী দিল্লিতে মোদিবিরোধী বেশ কয়েকজন হেভিওয়েট নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।রাজনৈতিক নেতাদের পাশপাশি মোদিবিরোধী হিসেবে পরিচিত ব্যক্তিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করতে আসেন। কৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নরেন্দ্রবিরোধী বলে ব্যাপক পরিচিত পাওয়া জুটি শাবানা-জাভেদও আসেন মমতার সঙ্গে আলোচনা করতে। আলোচনা শেষেজাভেদ আখতার বলেন, ‘আমি মমতার কাছে কৃতজ্ঞ।’
একই সঙ্গে ভারতের অন্যতম প্রধান এই গীতিকার মনে করিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ চেয়েছেন সেভাবেই তিনি (মমতা) দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে।
মমতার সাথে আলোচনা শেষে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন বলিউডের এই তারকা জুটি। এসময় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘সোলে’র কিংবদন্তী গীতিকার জাভেদ আখতার বলেন, ‘এটা আর নতুন করে বলে দিতে হবে না। সকলের মুখে মুখে ফিরছে এই স্লোগান। আমার উত্তর দেওয়ার বদলে আপনারা বুঝে নিন, কতটা জনপ্রিয় হয়েছে এটি।’
এসময় শাবানা আজমী ও জাভেদ আখতারের মাঝে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে পড়ে জাভেদকে বলেন, ‘খেলা হবে নিয়ে একটি গান লিখে দিন আপনি।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানান শাবানা আজমিও।
মোদিবিরোধী জোটের নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, ‘কে নেতৃত্ব দেবেন, সেটি পরের বিষয়। গুরুত্বপূর্ণ হল আমরা কেমন ভারত চাই। আমরা ভারতের কেমন ঐতিহ্য, কেমন স্বাধীনতা, কেমন গণতন্ত্র চাই। গণতন্ত্রকে যতটা ভাল করা যায়, ততটাই ভাল করতে হবে।’
সূত্র: আনন্দবাজার