মার্চ ৯, ২০২৩, ০৯:৫১ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জয় বাংলা কনসার্ট’। সপ্তমবারের মতো এই কনসার্টে হাজারো তরুণের উচ্ছ্বাসে, আর সুরের মুর্ছনায় বুধবার(৮ মার্চ) সন্ধ্যায় মেতে ওঠে রাজধানীর আর্মি স্টেডিয়াম। কনসার্ট দেখতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন দর্শকসারিতে।

প্রধানমন্ত্রীর সাথে এসময় অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।
পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি ভবনে মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’ এর যুব প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ এই কনসার্টের আয়োজন করে।

কোভিড-১৯ মহামারির জন্য গত দুই বছর এই আয়োজন বন্ধ ছিল। ২০১৫ সাল থেকে এই কনসার্ট হচ্ছে। এবার সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করলো ইয়াং বাংলা। মূলত নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা জন্যই কনসার্ট আয়োজন করা হয়।

প্রতিবছর এই কনসার্ট ৭ মার্চ অনুষ্ঠিত হলেও এবছর পবিত্র শবে বরাতের কারণে অনুষ্ঠানটি ৮ মার্চ স্থানান্তর করা হয়।

কনসার্টে স্বনামধন্য স্থানীয় ব্যান্ড আর্টসেল, এভয়েড রাফা, লালন, চিরকুট, ক্রিপ্টিক ফেট, কার্নিভাল, মেঘদল, নেমেসিস এবং আরেক্টা রক ব্যান্ড গান পরিবেশন করে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফর শেষে বুধবার বিকালে ঢাকা ফেরেন। কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধির দিকে) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দেন। সূত্র: বাসস।