‘ঝরা পালকে’-জীবনানন্দের জীবন, লাবণ্যের চরিত্রে জয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২১, ০৭:০৫ পিএম

‘ঝরা পালকে’-জীবনানন্দের জীবন, লাবণ্যের চরিত্রে জয়া

নতুন বছরে আসছে নতুন স্বাদের নতুন ছবি। নাম ‘ঝরা পালক’। নাম শুনেই জীবননান্দ প্রেমীরা বুঝে গেছেন এটি কাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী বছরের ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটিতে জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন ব্রাত্য বসু এবং কবির স্ত্রী লাবণ্যের ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় জানিয়েছেন, “২৫ ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন তিনি। ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে সায়ন্তনের ছবি। পাশাপাশি, সব ঠিক থাকলে আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে ‘ঝরা পালক’।”

ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কবির স্ত্রীর ভূমিকায় জয়া আহসান। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দাপুটে অভিনেতাকে।

২০১৭ সালের নভেম্বরে শ্যুট শুরু হয়েছিল ছবির। নানা কারণে ছবির মুক্তি ক্রমাগত পিছিয়েছে। তার পরেই অতিমারির থাবা। ফলে প্রেক্ষাগৃহে পৌঁছাতে পারেনি ‘ঝরা পালক’।

৪ বছর আগে কলকাতায় ছবির শ্যুটে যোগ দিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, “ছবিতে তিনি কবি-পত্নী ‘লাবণ্য’।” সেই দাম্পত্যের ধূসর অংশেরই কাহিনি ‘ঝরা পালক’। ছবি এবং চরিত্র দু’টিই আগামী দিনে তার অন্যতম প্রিয় হয়ে থাকবে বলে তখনই জানিয়ে গিয়েছিলেন জয়া।

জয়া প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘‘এই ছবিতেই জয়ার সঙ্গে প্রথম কাজ আমার। কবি-পত্নী লাবণ্যর চরিত্রের কথা বলতেই এক কথায় রাজি তিনি। দুই বয়সের কবির সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে জয়াকে।’’

পর্দায় ‘অল্পবয়সী’ জীবনানন্দ হিসেবে থাকছেন রাহুল। পরিণত কবির ভূমিকায় ব্রাত্য। দেবশঙ্কর কবি সজনীকান্ত দাশের চরিত্রে। কৌশিক সেন এবং সুপ্রিয় দত্ত বুদ্ধদেব বসু এবং নজরুল ইসলামের পর্দা-রূপে।

সূত্র: আনন্দবাজার

Link copied!