‘দ্য ব্যাটম্যান’ ছবি মুক্তির বাকি আরও এক সপ্তাহ। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ সকাল থেকে। এর মধ্যেই টিকেট নিয়ে কাড়াকাড়ি ‘ব্যাটম্যান’ ভক্তদের। বৃহস্পতিবার সকাল থেকে টিকেটের জন্য লাইন বসুন্ধরা সিটি শপিং মলের বাইরের রাস্তায় উঠে যায়।
মুক্তির পর ঢাকায় প্রথম দেখতে পাওয়া যাবে ছবিটি। এরপর বিশ্বের অন্যান্য দেশের দর্শকরাও দেখতে পাবেন। সকাল থেকে টিকেটের জন্য লাইনে এসে দাঁড়ায় দর্শকরা।
এসময় কথা হয় লাইনে অপেক্ষমান কয়েকজনের সঙ্গে। অনেকে জানান, দেড় বছর ধরে অপেক্ষা করছে ছবিটির জন্য। ৩ তারিখের টিকেট পাওয়ার জন্যই এই অপেক্ষার লাইন। যে করেই হোক একটি টিকেট লাগবেই।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, টিকেটের জন্য দর্শক ভিড় হবে তা আগে থেকেই ধারণা ছিল। মার্চের ৩ থেকে ৫ তারিখের টিকেটগুলো সংশ্লিষ্ট শাখাগুলোতে পাওয়া যাবে।
ম্যট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জোই ক্রাভিটজ,পল ড্যানো, কলিন ফ্যারেল, জেফ্রি রাইট, অ্যান্ডি সার্কিস, জেম লসনসহ অনেকে।