‘দয়া করে ছবিটি বয়কট করবেন না, দেখুন ছবিখানা’

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ০১:৪০ পিএম

‘দয়া করে ছবিটি বয়কট করবেন না, দেখুন ছবিখানা’

বলিউডে কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। দীর্ঘ চার বছর পর আমির খানের আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ আগস্ট। কিন্তু ছবি বয়কট করার জন্য উঠেপড়ে লেগেছে নেট-নাগরিকরা। সিনেমাটি নিয়ে নেটিজেনদের এই রাগের কারণ কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন আমির খান।

সাংবাদিক সম্মেলনে আমির খানকে ছবি বয়কট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘দয়া করে আমার ছবিখানা বয়কট করবেন না’। আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর ছবি নিয়ে এই ধরনের বয়কট করার ডাক তাঁর মনে কষ্ট দেয় কি না! আর তাতে উত্তর আসে, ‘হ্যাঁ আমার খারাপ লাগে। আমার এটা ভেবে আরও খারাপ লাগে যে এই ধরনের প্রচার যারা করছে তাঁরা অনেকেই মনে মনে বিশ্বাস করে আমি ভারতবর্ষকে ভালোবাসি না। এটা সত্যি নয়। বরং ভুল, মিথ্যে। দুর্ভাগ্যজনক কিছু মানুষ মনে মনে এমন ভাবে। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে দেখুন ছবিখানা।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ভারত ক্রমাগত অসহনশীল হয়ে উঠছে। তখন তৎকালীন স্ত্রী (কিরণ খের) আর ছেলে আজাদ রাও খানকে নিয়ে দেশ ছাড়ার ইচ্ছের কথাও বলেছিলেন। সেই সাক্ষাৎকার আগুনের মতো ছড়িয়েছিল। যদিও পরে আমির দাবি করেন তাঁর বলা কথাগুলো ভুলভাবে গ্রহণ করেছে সকলে। বোঝা যাচ্ছে ২০১৫ সালে বলা কথাগুলো এখনও ভুলতে পারেনি কেউ কেউ। তার সূত্র ধরেই নেট-নাগরিকদের দাবি ‘এতই যখন দেশকে অপছন্দ করে তাহলে এখানে ছবি কেন প্রকাশ হচ্ছে’। সেই সঙ্গে ছবিটি  বয়কটের ডাক দিয়েছেন।

উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর ও দক্ষিণী তারকা নাগা চৈতন্য। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছবিখানা। সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। গানগুলো ভূয়সী প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করেছে। তবে ট্রেলার নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। 

Link copied!