বলিউডের ‘স্টারকিড’-র তালিকায় রয়েছেন আলিয়া ভাট। তবে বাবা মহেশ ভাটের পরিচয় দিয়েই তিনি শুধু পরিচিত নন। তার নিজেস্ব পরিচয় রয়েছে অভিনেত্রী হিসেবে। বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট একজন। তার অভিনয়ের জন্য তিনি সকলের কাছে প্রশংসিত। তবে এই প্রথমবার নিজের নেগেটিভ হওয়ার বিষয়টি নিয়ে আনন্দিত আলিয়া। নেগেটিভ শব্দটি পছন্দ না করা এই অভিনেত্রী, করোনা রিপোর্ট নেগেটিভ আসায় খুশি হয়েছেন।
করোনায় আক্রান্ত বলিউড তারকাদের সংখ্যা অনেক। সেই তালিকায় ছিলেন আলিয়া ভাট। গত ২ এপ্রিল নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন আলিয়া। তবে গতকাল ১৪ এপ্রিল (বুধবার) সুখবর জানালেন তিনি। সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা গেছে, পিঙ্ক পাজামা আর নীল ঢিলেঢালা ফুল হাতা টি-শার্ট পড়ে আছেন তিনি, কপালে হালকা রোদ এসে পড়ছে এবং মুখে হাসি। সেখানে নিজের করোনার রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এই প্রথবার নেগেটিভ শব্দটি ভালো লাগছে।’ তার এই পোস্ট দেখে ভক্তদের পাশাপাশি অন্যান্য তারকারাও খুশি হয়েছেন। দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ, সোফি চৌধুরী, অনিল কাপুরের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

প্রসঙ্গত, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। সেই শ্যুটিংয়ে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন আলিয়া। সেই সেটে একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন নির্মাতা সঞ্জয় লীলা বনশালি। এরপর থেকে বন্ধ আছে সিনেমার শ্যুটিং। জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার শ্যুটিং ফের শুরু করে হবে।