‘পরান’ এর পোস্টার দূরে সরাতে বললেন তুষি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ০৩:৪১ পিএম

‘পরান’ এর পোস্টার দূরে সরাতে বললেন তুষি

দেশের সিনেমায় মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। টিকিট সংগ্রহে দুই-তিনদিন আগে থেকে লাইনে দেখা গেছে সিনেমাপ্রেমীদের। তবে এই সাফল্যের ‘হাওয়া’র গায়েও লাগছে কিছু বিতর্ক। সিনেমার প্রচারণায় গিয়ে কলাকুশলীরা অনেকেই বাধিয়েছে সমালোচনা। প্রথমে নিজের সিনেমার প্রশংসা করতে গিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বড় পর্দার সব সিনেমা নিয়ে আক্রমণমূলক বিস্ফোরক মন্তব্য করে সমালোচিত হয়েছেন।

এবার এই সমালোচনায় নাম লিখালেন নায়িকা নাজিফা তুষি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘হাওয়া’ সিনেমার টিম সিনেমার প্রচারণার স্বার্থে শ্যামলী প্রেক্ষাগৃহে যায়। এ সময় সিনেমার অভিনয়শিল্পী নাজিফা তুষি সেখানে থাকা ‘পরান’ এবং ‘দিন: দ্যা ডে’ সিনেমার পোস্টার সরিয়ে দেয়ার নির্দেশ দেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। তুষি সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন, এখানে ‘পরান’, ‘দিন: দ্যা ডে’ সিনেমার পোস্টার কেন? এগুলো সরান এখান থেকে। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান।

যদিও বিষয়টা খুব অস্বাভাবিক নয়। নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই। তবে তুষির এমন কাণ্ড সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ-পেজে তার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই তুষির এমন কাণ্ডের তীব্র সমালোচনা করছেন। 

Link copied!