‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ আজিজুর রহমান বুলি আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ০৩:১১ পিএম

‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ আজিজুর রহমান বুলি আর নেই

ঢাকাই চলচ্চিত্রের  একসময়ের আলোচিত পরিচালক ও প্রযোজক আজিজুর রহমান বুলি মারা গেছেন। রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অপূর্ব রানা জানান, বেশ কিছুদিন ধরে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজুর রহমান বুলি। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

প্রযোজক হিসেবে আজিজুর রহমান বুলির সিনেজীবন শুরু হয়। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন তিনি। এরপর ১৯৮০ সালে তিনি ‘শেষ উত্তর’ সিনেমার মাধ্যমে শুরু করেন পরিচালনা।

তার নির্মিত বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনার মতো বরেণ্য তারকারা। এ ছাড়া কলকাতার রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়কেও দেখা গেছে তার সিনেমায়।

আজিজুর রহমান বুলি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। সেই সুবাদে সিনে অঙ্গনের মানুষের প্রয়োজনে সর্বদা পাশে থাকতেন। 

আজিজুর রহমান বুলির আরেকটি পরিচয় আছে। তিনি হচ্ছেন চিত্রনায়ক মাহমুদ কলির বড় ভাই এবং অভিনেত্রী অঞ্জনার স্বামী।

আজিজুর রহমান বুলির অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবেও পরিচিত ছিলেন। জীবদশায় ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছিলেন আজিজুর রহমান বুলি।

তার পরিচালিত ও প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘শেষ উত্তর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘নেপালি মেয়ে’, ‘দেশ বিদেশ’, ‘বাপের বেটা’, ‘শ্বশুর বাড়ি’, ‘আজকের শয়তান’, ‘লালু সর্দার’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘ডান্ডা মেরে ঠান্ডা’, ‘রাজা রানী বাদশা’ ইত্যাদি।

 

 

Link copied!