জানুয়ারি ১৮, ২০২৩, ০৯:৩২ পিএম
তুমুল বিতর্কে জড়ায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। বিশেষ করে সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকে বিতর্ক তুঙ্গে উঠে। গানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পছন্দ হয়নি ভারতের একটি শ্রেণির।
বিতর্ক এতটাই জোরালো রূপ নেয় যে ভারতে শাহরুখের কুশপুত্তলিকা দাহ করা হয়, ডাক দেওয়া হয় ছবিটি বর্জনের। তবে শেষ পর্যন্ত ২৫ জানুয়ারি সিনেমাটির মুক্তির দিন ঠিক হয়েছে। তাঁর আগে ‘পাঠান’ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহরুখের ‘পাঠান’ সহ সিনেমা নিয়ে দলের নেতাকর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন মোদি।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাহী কমিটির সভার দ্বিতীয় দিন চলছিল মঙ্গলবার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বক্তব্যের সময় সিনেমার মতো অপ্রাসঙ্গিক বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।
১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর অবশ্য ‘পাঠান’ নিয়ে সমালোচনা অনেকটাই কমে যায়। ধুন্ধুমার অ্যাকশনে ভরা ট্রেলারটি দর্শকেরা দারুণ পছন্দ করেন। এ পর্যন্ত ট্রেলারটির ইউটিউব ভিউ প্রায় পাঁচ কোটি।