ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৭:৫৬ পিএম
গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘পাঠান‘ অসম্ভব ভেল্কি দেখিয়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। টানা চার বছর পর এই চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ৫৫ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।
যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’র এই অপ্রতিরোধ্য বিজয়রথ এখনও চলছে। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। আর এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড।
ভারতীয় আনন্দবাজারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে লিখেছেন ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্য দিয়ে অতীতের বেশ কিছু তুমুল জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।
ভারতে কত দিনে কোন সিনেমা ৩০০ কোটি রুপি আয় করেছে
বক্স অফিস বিশ্লেষকদের বরাত দিয়ে আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঠান ৭ দিনে আয় করেছে ৩০০ কোটি রুপি। বাহুবলি টু (হিন্দি) সিনেমার সমপরিমাণ অর্থ আয় করতে সময় লেগেছে ১০ দিন। ‘কেজিএফ টু’ (হিন্দি) ১১ দিন, ‘দঙ্গল’ ১৩ দিন, ‘সাঞ্জু’ ১৬ দিন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ১৬ দিন, ‘পিকে’ ১৭ দিন, ‘ওয়ার’ ১৯ দিন, ‘বাজরাঙ্গি ভাইজান’ ২০ দিন ও ‘সুলতান’ সিনেমার লেগেছে ৩৫ দিন।
বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রযোজক, লেখক এবং পরিচালক সিদ্বার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ এক সপ্তাহে ভারতে আয় করেছে ৩১৫ কোটি রুপি। যা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর চেয়ে ৬৫ কোটি রুপি বেশি।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমাটি ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে।
‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। অন্যদিকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।