ডিসেম্বর ২২, ২০২২, ১২:৫৭ পিএম
হিন্দি চলচ্চিত্রের সুপার স্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়। গানটি প্রকাশের পর বলি নায়িকার গেরুয়া বিকিনি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নানা মহলে হতে থাকে চর্চা। পোশাক বিতর্কে সোশ্যালে কটাক্ষের শিকারও হন দীপিকা পাডুকোন।

পাঠান ছবির প্রথম গান 'বেশরম রং' নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এই ছবিতে গেরুয়া মনোকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। ‘ত্যাগের রং’ পরে শাহরুখ খানের সঙ্গে গানে তাঁর রোমান্সের দৃশ্য নিয়ে একাংশ আপত্তি তুলেছে। বিষয়টি নিয়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া।

১২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গানটিতে অত্যন্ত লাস্যময়ী অবতারে সামনে এসেছেন দীপিকা পাডুকোন।একাধিক মনোকিনিতে দেখা গিয়েছে এই নায়িকাকে। কিন্তু, গেরুয়া মনোকিনিতে তাঁকে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখে সরব অনেকেই। পাঠান ছবিকে ব্যান করার দাবিও উঠছে। দেশজুড়ে যখন এই নিয়ে শোরগোল চলছে সেই সময় মুজফ্ফরপুরের আদালতে এ নিয়ে অভিযোগ দায়েরের অনুমতিও চেয়েছেন এক আইনজীবী।

‘পাঠান’ সিনেমার প্রথম গান নিয়ে নানা বিতর্ক আর সমালোচনার ঝড়ের মধ্যেই নতুন আরেকটি গান প্রকাশ পেল। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ‘ঝুমে জো পাঠান’ গানটি প্রকাশ করলো প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।

সম্প্রতি দ্বিতীয় গানের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। তবে তা গানের ভিডিও নয়, দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’-এর পোস্টার প্রকাশ করা হয়েছে সোশ্যালে। প্রথম গানে বোল্ড অবতারে আবির্ভাবের পরে এবার হট অ্যান্ড কুল লুকে বাজিমাত করতে যাচ্ছেন গ্ল্যাম ডিভা দীপিকা।

‘বেশরম রং’ এ অভিনেত্রীর বিকিনি বিতর্ককে একপ্রকার উড়িয়ে দিয়েই দ্বিতীয় গানের পোস্টার প্রকাশ্যে আনলো প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।
‘ঝুমে জো পাঠান’-এর পোস্টারে শাহরুখ খানকে লম্বা চুলে নতুন লুকে দেখা গেছে। তার বাহুডোরে কিলার পোজে ধরা দিয়েছেন দীপিকা। কালো শর্ট ড্রেসের সঙ্গে রূপালি হান্টার সু-তে শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছেন নায়িকা।
জমজমাট নাচের এই গানটির তালে শাহরুখ ও দীপিকার নাচ ভক্তদের মন কেড়ে নিয়েছে। ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে গানটি। পশ্চিমা ধাঁচের এই গানটির সাথে শাহরুখ-দীপিকার পোশাকও দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন দর্শকরা। শাহরুখ-দীপিকার পেছনে নাচতে দেখা গেছে এক ঝাক নৃত্যশিল্পীকে।
সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘আমরা যখন ঝুমে জো পাঠান গানটির পরিকল্পনা করছিলাম, আমরা নিশ্চিত ছিলাম যে শাহরুখের গানটি অরিজিৎ সিংকে দিয়ে করাবো। তিনি আমাদের দেশের এক নম্বর গায়ক। আমরা চেয়েছিলাম তিনি আমাদের চিরসবুজ সুপারস্টারের জন্য গানটি করুক। অরিজিৎ তাঁর জাদু দেখিয়েছেন আর গানের তালে নাচে মাতিয়েছেন শাহরুখ-দীপিকা।’

আসছে ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম। এতে শাহরুখ খান-দীপিকা ছাড়াও জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরো অনেকে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর পাঠান সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির টিজার প্রকাশ্যে আসার পর থেকে তার ভক্তরা অপেক্ষায় ছিলেন সিনেমাটির গানের জন্য। প্রথম গান প্রকাশের পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা একদমই উল্টো। তবে দ্বিতীয় গানে শাহরুখ ও দীপিকার নাচ ভক্তদের মন কেড়ে নিয়েছে।