আগস্ট ২০, ২০২২, ১১:৩৮ এএম
বলিউড জগতে মোস্ট এলিজিবল ব্যচেলর তিনি! সালমান খানের সিনেমা মানেই বক্সঅফিস তোলপাড়। সুপারস্টারের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে সালমানের প্রেম-ভাগ্যে বৃহস্পতি একেবারেই নিম্নগামী। কোনও সম্পর্কই খুব বেশিদিন টেকেনি। ভাইজান নাকি প্রেমিকাদের নিয়ে ভয়ঙ্কর পজেসিভ.. এমনকী দু-একবার তাঁদের গায়ে হাত তুলতেও পিছপা হননি! সালমানের প্রাক্তন প্রেমিকারা একাধিকবার এমন অভিযোগ তুলেছেন। এবার আরেক প্রাক্তন বলিউড নায়িকা সোমি আলি সালমানকে নিয়ে বোমা ফাটালেন।

নব্বইয়ের দশকে তখন সলমন-ভাগ্যশ্রীর ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ রিলিজ করেছে। বক্সঅফিসে দুর্দান্ত ধুন্ধুমার! সুপারহিট সিনেমা হিসেবে মারকাটারি ব্যবসা। নায়িকা সোমি আলি তখন সালমান খানের অন্ধভক্ত। পরবর্তীতে অবশ্য ভাইজানের সিনেমায় তাঁকেও নায়িকা হিসেবে দেখা গিয়েছে। তবে সেই জুটি বলিপাড়ায় খুব একটা হিট না করলেও সালমান-সোমির সম্পর্ক বেজায় বলিউডে চর্চিত ছিল। সেই নায়িকাই এবার তিন দশক বাদে বলিউড সুপারস্টারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

গতকাল শুক্রবার সোমিস আলি নিজের ইনস্টাগ্রামে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন। যেখানে সালমান ও ভাগ্যশ্রীর মুখ জ্বলজ্বল করছে। সেই ছবি শেয়ার করেই সোমি আলির মন্তব্য, “একটা মহিলা-পেটানো লোক। শুধু আমি নই, অনেকেই ওর মারধরের শিকার। আমার মতো অনেক মেয়েকে সে হেনস্থা করেছেন। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা ‘স্যাডিস্টিক সিক’। আপনাদের কোনো ধারণাই নেই। সলমনকে পুজো করা বন্ধ করুন।”

‘স্যাডিস্টিক’ কথাটির অর্থ হলো, এমন একজন নির্দয় মানুষ যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ইচ্ছে করে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে। এছাড়া পোস্টে ‘ওমেন বিটার’ শব্দটিও ব্যবহার করেছেন সোমি। যার অর্থ হল, মেয়েদের মারধর করা।
তবে এ পোস্টে তিনি সরাসরি সালমানের নাম নেননি। তবে তার পোস্টের ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন অভিযোগের তীর সালমান খানের দিকেই।

তাঁর পোস্টের ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী, ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র নায়িকা। কিন্তু সোমির নিশানায় ছিলেন একজন পুরুষ। অনেকেই বলছেন সালমানের কথাই বলতে চেয়েছেন সোমি আলি।
এর আগে এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি গানের দৃশ্য পোস্ট করেই একই ধরনের কথা লিখেছিলেন সোমি আলি। বলেছিলেন, ‘বলিউডের হার্ভে উইনস্টেইন! তোমার মুখোশ একদিন ঠিক খুলবে। যে নারীদের তুমি নিগ্রহ করেছ তারা সকলে একদিন ঠিক সামনে আসবে আর সব কিছু ফাঁস করে দেবে। ঠিক ঐশ্বর্য রাই বচ্চনের মতো।’ আশ্চর্যের বিষয়, সোমি আলি এত কিছু বললেও সরাসরি সালমানের নাম এড়িয়ে গেছেন।