বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের শীর্ষে আছে দীপিকা পাড়ুকোন। ২০১৯ সালে ‘মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ’ অর্থাৎ ‘মামি’-র চেয়ারপারসনের পদে বসেছিলেন দীপিকা। সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে বিষয়টি দীপিকা নিজেই জানিয়েছেন।
২০১৯ সালে আমির খানের স্ত্রী ও পরিচালক কিরণ রাওকে সরিয়ে ‘মামি’র চেয়ারপারসনের পদ দখল করেছিলেন দীপিকা। কিন্তু দীর্ঘদিন দায়িত্ব পালন করাটা তার পক্ষে সমস্যার হয়ে যাচ্ছে। কারণ, সম্প্রতি একাধিক ছবির চুক্তি স্বাক্ষর করেছেন দীপিকা। কিছু মুক্তির পথে, কিছুর শুটিং চলছে। দু’দিকে একসঙ্গে মন দেওয়ায় সম্ভব হবে না বলে এই সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।
পদত্যাগের বিষয়টি নিয়ে দীপিকা ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মামির অধ্যক্ষের দায়িত্ব পালন করে গভীরভাবে সমৃদ্ধ হয়েছি। একজন শিল্পী হিসেবে গোটা বিশ্বের চলচ্চিত্র মুম্বাই শহরে একত্র করার অভিজ্ঞতা হয়েছে আমার। কিন্তু আমি বুঝতে পারছি, মামি-র জন্য যে নিষ্ঠা ও মনোযোগের প্রয়োজন তা হয়তো আমি দিতে পারবো না। কাজের চাপ রয়েছে অনেক। তাই এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে সারা জীবনের জন্য ‘মামি’র সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে।’ সম্প্রতি নিজের নতুন ওয়েবসাইট লঞ্চ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্ত্রীর নয়া উদ্যোগকে প্রশংসা এবং সমর্থন জানিয়েছেন অভিনেতা রণবীর সিং।
এদিকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করছেন। সামাজিক মাধ্যমে নিজের ওয়েবসাইটের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। দীপিকার এই উদ্যোগের প্রশংসা করেছেন তার স্বামী রণবীর সিং। প্রসঙ্গত, ভারতের লকডাউন ঘোষণার আগ পর্যন্ত 'পাঠান' ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন দীপিকা। এতে দীপিকার সহশিল্পী শাহরুখ খান ও জন আব্রাহাম। এছাড়াও ঋত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' নামে একটি ছবিতে দেখা যাবে তাকে। এদিকে অমিতাভ বচ্চনের সাথে 'ইন্টার্ন' ছবির কাজও শুরু করেছেন তিনি। এসব ছাড়াও চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি 'এইট্টি থ্রি'।