‘কবরী রোড’-এ যাওয়ার ইচ্ছা অপূরণ রয়ে গেল ‘মিষ্টি মেয়ে'র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২১, ০৩:৪২ পিএম

‘কবরী রোড’-এ যাওয়ার ইচ্ছা অপূরণ রয়ে গেল ‘মিষ্টি মেয়ে'র

চুয়াডাঙ্গার শহরের একটি রাস্তা পরিচিত ‘কবরী রোড’ নামে। চুয়াডাঙ্গার পৌরভবন এবং সরকারি কলেজকে যুক্ত করেছে ৪০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি। সেখানের মানুষের জন্য রাস্তাটি বেশ গুরুত্বপূর্ন। কারন এই রাস্তায় রয়েছে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি অফিস, অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থানীয় সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের বাসভবন। অভিনেত্রী কবরীর নামে নামকরণ করা এই সড়কটি ১৯৬৯ সাল থেকে ভক্তদের ভালোবাসায় ৫২ বছর ধরে টিকে আছে। সেখানে একবার হলেও যাওয়ার ইচ্ছা ছিল অভিনেত্রী কবরীর। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই বিদায় নিলেন ‘মিষ্টি মেয়ে’ কবরী।

ঢালিউডের জনপ্রিয় ‘কখগঘঙ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন সারাহ বেগম কবরী, রাজ্জাক, আনোয়ার হোসেন, সুরস্রষ্টা আলতাফ মাহমুদ, রহিমা খালা ও বেবী ইসলামের স্ত্রী তন্দ্রা ইসলাম। ১৯৬৯ সালে যখন চুয়াডাঙ্গায় কখগঘঙসিনেমার শুটিং হয়, তখন কবরী খুব জনপ্রিয় ছিলেন। সবাই দেখতে আসত তাকে। জানতে চাইতো, কবরী কোথায় থাকে? লোকজন দেখিয়ে দিত সে বাড়িটি যেখানে কবরী শ্যুটিংয়ের জন্য ছিলেন। রিকশাচালকেরা উৎসুক লোকজনকে নিয়ে আসতেন। শুটিংয়ের এক মাসেই এভাবে মুখে মুখে রাস্তাটির নাম কবরী রোড হয়ে যায়। অতঃপর চুয়াডাঙ্গা শহরের সেই 'কবরী রোড'-কে প্রশাসনিক স্বীকৃতি দিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা।

এই ‘কবরী রোড’ প্রসঙ্গে অভিনেত্রী কবরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে বললে আমি যাব। নিজ খরচেই যাব। বেঁচে থাকতে রাস্তাটি দেখে যেতে চাই। কিন্তু সেই রাস্তা নিজের চোখে আর দেখতে পেলেন না কবরী। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিদায় নিলেন তিনি, সেই সাথে অপূরণ রয়ে গেল তার ইচ্ছা

Link copied!