‘মেয়েদের শরীর দামি, তাই সেটি ঢেকে রাখাই ভাল’—মন্তব্য করে তোপের মুখে সালমান খান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৩, ০২:২৭ পিএম

‘মেয়েদের শরীর দামি, তাই সেটি ঢেকে রাখাই ভাল’—মন্তব্য করে তোপের মুখে সালমান খান

বিতর্কিত এক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বলিউড নায়ক সালমান খান। সম্প্রতি ‘আপ কি আদালত’-এর মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড ভাইজান। সেখানেই পোশাক বিতর্ক নিয়ে প্রশ্নবাণের মুখে পড়তে হয় সালমনকে। তিনি বলেন, ‘মেয়েদের শরীর খুব দামি, তাই সেটা যত বেশি ঢাকা থাকবে ততই ভালো’।

পরে অবশ্য সালমান নিজের বয়ানের স্বপক্ষে যুক্তি দেখান। বলেন, ‘এতে কোনওরকম ডাবল স্ট্যান্ডার্ড নেই'। ভাইজান বলেন, ‘যখন আপনি একটি পারিবারিক ছবি তৈরি করেন, সেটা পরিবারের সকলে মিলে দেখতে যায়। কোনও ডাবল স্ট্যান্ডার্ডের কথা হচ্ছে না। মহিলাদের শরীর খুব দামি, তা যত ঢাকা থাকতে আমার কাছে ততই ভালো’।

সালমান আরও বলেন, সমস্যা মেয়েদের স্বল্প পোশাক পরা নিয়ে নয়, স্বল্প পোশাকে মেয়েদের দেখে ছেলেদের অশালীন আচরণ নিয়ে। অভিনেতা বলেন, ‘এতে মেয়েদের কিছু করার নেই। যেমনভাবে ছেলেরা তাঁদের দিকে তাকায়, তোমার বোন, বউ বা মায়ের দিকে— সেটা আমার পছন্দ নয়। আমি চাই না মেয়েরা কোনও অপমানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাক’।

অথচ একটা সময় পর্দায় জামা ছাড়াই দেখা মিলত সালমানের। নিজের শরীর প্রদর্শনে দু-পা এগিয়ে থাকতেন দাবাং খান। এখনও সুযোগ মিললেই রুপোলি পর্দায় নিজের সুঠাম দেহ তুলে ধরেন এই নায়ক। ফলে সালমানের এই বক্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়াও। 

দ্য হিন্দুস্তান টাইমস

Link copied!