মার্চ ১৭, ২০২২, ০২:১৪ পিএম
দেশের বাইরের কয়েকটি উৎসবে প্রদর্শিত বাংলাদেশি চলচ্চিত্র রিকসা গার্ল একাধিক পুরস্কার পেয়েছে। এই চলচ্চিত্র এবার ঢাকায় বসে দেখলেন যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নরম্যান জে বেকার। সম্প্রতি তিনি বিশেষ কাজে ঢাকায় এসেছিলেন, তখনই তাঁর সম্মানে রিকশা গার্ল চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন নরম্যান জে বেকার।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি। যৌথভাবে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। চলচ্চিত্রের মূল চরিত্রে রয়েছে নাইমা নামের এক কিশোরী, যে কিনা ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। চলচ্চিত্রে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যরা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত রিকশা গার্ল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে এবং চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।