‘সীতা’ চরিত্রের জন্য কারিনার দাবি ১২ কোটি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২১, ০৬:৪৪ পিএম

‘সীতা’ চরিত্রের জন্য কারিনার দাবি ১২ কোটি

'বাহুবলী' খ্যাত গল্পকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা চিত্রনাট্যে মহাকাব্য 'রামায়ণ'–এর কাহিনী নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক অলৌকিক দেশাই। সীতার দৃষ্টিতে এই ছবির কাহিনি বর্ণিত হবে দর্শকের সামনে।

ছবির নাম দেওয়া হয়েছে, 'সীতা : দ্য ইনকারনেশন'। প্রথমে এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের নাম শোনা গেলেও এখন পর্যন্ত এ দৌড়ে কারিনা কাপুর খান এগিয়ে আছেন। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য কারিনা দাবি করেছেন ১২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, কারিনা কাপুর খান আসন্ন পৌরাণিক কাহিনী 'সীতা' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে সীতার দৃষ্টিকোণ থেকে রামায়ণের গল্প তুলে ধরা হবে। খবরে বলা হয়েছে, কারিনা ছবির চিত্রনাট্য পছন্দ করেছেন। তবে ছবিতে অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য একমাস সময় নিয়েছিলেন।

এই এক মাসের মধ্যে কারিনা প্রথমে 'ভির দে ওয়েডিং ২' এবং তারপর শিরোনামহীন একটি ছবির কাজ শেষ করবেন। ‘সীতা’ ছবির জন্য সময় লাগবে ৮ থেকে ১০ মাস। তাই কারিনার জন্য ‘সীতা’ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি বুঝতে পারছেন, এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি ছবির জন্য কারিনা কাপুর খান সাধারণত ৬ থেকে ৮ কোটি রুপি পারিশ্রমিক নেন। কিন্তু 'সীতা' ছবির জন্য তিনি ১২ কোটি রুপি দাবি করায় বিষয়টি প্রযোজককেও ভাবনায় ফেলেছে। এ ছবিরে জন্য তারা তরুণ অভিনেত্রীদের নেওয়ার কথাও ভাবছেন। তবে কারিনাই তাদের প্রথম পছন্দ।

 

Link copied!