‘সুরিয়া–৪২’: নির্মাণের আগেই ১০০ কোটি রুপিতে বিক্রি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ১০:২৪ এএম

‘সুরিয়া–৪২’: নির্মাণের আগেই ১০০ কোটি রুপিতে বিক্রি

দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েই যাচ্ছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সুরিয়া। তাঁর সিনেমার জন্য শুধু দর্শক কেন, অপেক্ষায় থাকেন প্রযোজকেরাও। এবার তাঁর নতুন সিনেমা নির্মাণ শেষ হওয়ার আগেই ১০০ কোটি রুপিতে বিক্রি হয়ে গেছে এর হিন্দি স্বত্ব।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, বহুল প্রতীক্ষিত ‘সুরিয়া–৪২’ সিনেমাটির হিন্দি স্বত্ব ১০০ কোটি রুপিতে কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়া তাঁর প্রযোজনা সংস্থা হিন্দি সংস্করণের সিনেমাটির টিভি, ডিজিটাল ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে।

পরিচালক শিবার পরিচালনায় সিনেমাটিতে সুরিয়ার সাথে আছেন দিশা পাটানি।

সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি শুটিং কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষ করা হবে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি বালা পরিচালিত 'বনাঙ্গন' থেকে নাম প্রত্যাহার করেছেন সুরিয়া। শিগগির তিনি পরিচালক ভেত্রিমারনের সঙ্গে 'বদিভাসাল' চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। এরপরে সুরিয়া ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে’ যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিনেমার জন্য গত বছর ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবিটিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন সুরিয়া।

Link copied!