আবারও অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে সবার কাছে পরিচিতি পাওয়া গায়ক আকবর। শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে ভর্তি করা হয়েছে তাঁকে।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, সব ঠিকঠাক ছিল। ভারতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এর মধ্যে হঠাৎ অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ গায়ক আকবর। দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে তার। কিডনির অবস্থা খারাপ হয়ে শরীরে পানি জমে গিয়েছিল। এতে করে ডান পা নষ্ট হয়ে যাওয়ায় সেটি কেটে ফেলতে হয়েছে। এরপর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় বাসায় ফেরেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে প্রস্তুতি নিচ্ছিলেন।