‘১০০০০ এবং আরও ১টি ধর্ষণ’-এর ‘ময়না’ চরিত্রে রাজ রিপা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৬:৪৬ পিএম

‘১০০০০ এবং আরও ১টি ধর্ষণ’-এর ‘ময়না’ চরিত্রে রাজ রিপা

বাংলা সাহিত্যে প্রথাবিরোধী বলে খ্যাত লেখক হুমায়ুন আজাদের একটি উপন্যাস ‘১০০০০ এবং আরও ১টি ধর্ষণ’। যে উপন্যাসে ময়না নামে এক নারীর ধর্ষিত হওয়া এবং তার নির্মম পরিণতি চিত্রিত হয়েছে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি।

গল্পের শুরু হয়, “চারটি বন্য শুয়োর চারদিক থেকে ঘোঁৎ ঘোঁৎ করতে করতে এসে ময়নাকে ঘিরে ধরে। এসেই একটি শুয়োর ময়নার মুখ চেপে ধরে, সে চিৎকার দিতে পারে না, কিন্তু লড়াই করতে থাকে, তার মুখে খামচি দিতে থাকে”-এভাবে।

ময়নার এমন ভয়াবহ পরিণতি এবং তার ধারাবাহিক পরিক্রমা নিয়ে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্রের মূল চরিত্র ময়নার ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রাজ রিপা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজ রিপার জন্মদিনে রাজধানীর বনানীতে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তাকে নিয়ে ছবিটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা সোহেল রানা বয়াতি।

সোহেল রানা বয়াতি, “কতজনই তো কত কিছু উপহার দেয় জন্মদিনে। আমরা রিপাকে চরিত্রটি উপহার দিলাম। আশা করি, তিনি ‘ময়না’ চরিত্রের প্রতি সুবিচার করবেন।”

ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী ও গবেষক হুমায়ুন আজাদের লেখা থেকে এবারই প্রথম নির্মিত হচ্ছে চলচ্চিত্র। নাম এখনো চূড়ান্ত হয়নি।

চলচ্চিত্রটি নির্মাণের জন্য এরইমধ্যে হুমায়ুন আজাদের পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছেন সোহেল রানা বয়াতি।

এপ্রসঙ্গে তিনি বলেন, “দেশে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা যে হারে বেড়েছে, তাতে আমার মনে হয়েছে—একজন নির্মাতা হিসেবে চলচ্চিত্রের মাধ্যমে এর প্রতিবাদ হওয়া উচিত। তাই চলচ্চিত্রের গল্প হিসেবে হুমায়ুন আজাদের উপন্যাসটি বেছে নেওয়া।”

আগামী বছরের জানুয়ারির শেষ দিকে শুটিং শুরু করার ইচ্ছা নির্মাতার। রাজ রিপা ছাড়াও এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর মালিক। বাকি অভিনয়শিল্পীদের চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ছবির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।

হুমায়ুন আজাদের উপন্যাস থেকে নির্মিত এ ছবি হতে যাচ্ছে রিপার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। ময়না চরিত্রের অভিনেত্রী রাজ রিপা এরই মধ্যে শেষ করেছেন ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির শুটিং।

Link copied!